যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে ৭ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিপন হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বাগআঁচড়া বাজার এলাকার বাবু সুপার মার্কেটে আনা হয়েছে। পরে বিজিবির একটি বিশেষ দল রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায়।
রিপন হোসেনকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া স্বর্ণ পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।
জব্দ করা ২৬টি স্বর্ণের বারের মোট ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা। জব্দ করা অন্যান্য মালামালসহ বাজার মূল্য প্রায় ৭ কোটি ৭২ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

