শ্যামনগরে স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

শ্যামনগরে স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থাপন করেন।

শুক্রবার সকালে শ্যামনগরের নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্মসূচিটি বাস্তবায়ন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ এবং জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যক্ষ আজিয়ার রহমান, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, প্রভাষক রাফজান জানি, শিক্ষক রনজিৎ কুমার বর্মনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও সুধীজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়, জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়, নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়, ভূরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ, আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়, জয়নগর আমিনিয়া হামিদিয়া কামিল মাদ্রাসা এবং নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা।

শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও বিশুদ্ধকরণ ব্যবস্থা, লবণাক্ত পানি বিশুদ্ধ করে সুপেয় পানি তৈরির প্রযুক্তি, স্মার্ট কৃষি প্রযুক্তি এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্ভাবনী সমাধান। এসব প্রকল্প দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

প্রধান অতিথি জি এম নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষাই ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিযোগিতায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রথম, ভূরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং বনশ্রী শিক্ষা নিকেতন তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বলেন, এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ভাবন ও গবেষণার পথে এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...