বাগেরহাটের মোংলা

ভারী বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট, ভাঙছে ঘেরের বেড়া

ভারী বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট, ভাঙছে ঘেরের বেড়া

বাগেরহাটের মোংলায় গত কয়েকদিনের টানা অতি ভারী বর্ষণে রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট, মৎস্য ঘের তলিয়ে গেছে। বিশেষ করে পৌরসভার ২, ৩, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডসহ বিভিন্ন গ্রামীণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জমেছে হাঁটুসমান পানি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বছরের পর বছর ধরে এই ড্রেনেজ সমস্যা। পৌরসভা শুধু কাজের কথা বলে, কিন্তু বাস্তব কোনো উন্নয়ন চোখে পড়ে না। এখন পানি বাড়লেই আমাদের ঘরবন্দি হয়ে থাকতে হয়।

অন্যদিকে, মোংলা উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘেরও তলিয়ে গেছে। চিলা, বুড়িরডাঙ্গা, সুন্দরবন ও মিঠাখালী ইউনিয়নের একাধিক ঘের থেকে মাছ বেরিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মৎস্যচাষি মজিবর হাওলাদার আমার দেশকে বলেন, রাতেই হঠাৎ পানি বেড়ে যায়। আমাদের ঘেরের বেড়া ভেঙে প্রায় ৩ লাখ টাকার মাছ ভেসে গেছে। এখন পথে বসতে হবে।

একই অভিযোগ করেন সুন্দরবন ইউনিয়নের চাষি আক্তার শেখ। তিনি বলেন, এভাবে চলতে থাকলে আগামীতে আমরা মাছ চাষ করা ছেড়ে দিতে বাধ্য হবো।

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন ‘সুন্দরবন বাঁচাও আন্দোলন’র সভাপতি আমার দেশকে বলেন, অপরিকল্পিত নির্মাণ, জলাশয় ভরাট এবং যথাযথ ড্রেনেজ ব্যবস্থার অভাবই এই পরিস্থিতির জন্য দায়ী। এ থেকে উত্তরণে সরকারি পর্যায়ে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

এদিকে মোংলা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার দেশকে জানান, বর্ষা মৌসুম শুরুর আগেই ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করা হয়েছিল। তবে অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের স্বাভাবিক পথগুলো দখল হয়ে যাওয়ায় সমস্যার সমাধান করা যাচ্ছে না।

তিনি জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন