খুলনায় কর্মশালা

শিশুখাদ্যের প্রচার-বিজ্ঞাপনে আইন মানার আহ্বান

খুলনা ব্যুরো

শিশুখাদ্যের প্রচার-বিজ্ঞাপনে আইন মানার আহ্বান

মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য ও শিশুখাদ্য বাজারজাতকরণ, প্রচার-প্রচারণা এবং ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইন ও বিধিমালা সম্পর্কে সচেতন করতে খুলনায় এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে (প্রেস কনফারেন্স রুম) ‘মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ ও বিধিমালা, ২০১৭’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে খুলনার সিভিল সার্জন কার্যালয়।

বিজ্ঞাপন

কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী।

অনুষ্ঠানে ‘মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ ও বিধিমালা, ২০১৭’-এর নানা দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডা. মো. আবদুল্লাহ ইয়াজদানী।

উপস্থাপনায় শিশুর জন্য মাতৃদুগ্ধের গুরুত্ব এবং মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে ব্যবহৃত পণ্যের বাজারে আইন ও বিধিমালার নির্দেশনাগুলো ব্যাখ্যা করা হয়। একই সঙ্গে এসব পণ্যের প্রচার, বিজ্ঞাপন, বাজারজাতকরণ ও স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনি দায়িত্ব ও বিধিনিষেধ নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। বিশেষ করে জীবনের প্রাথমিক পর্যায়ে মাতৃদুগ্ধ অপরিহার্য। তাই বিকল্প শিশুখাদ্যের অনিয়ন্ত্রিত ও চটকদার প্রচার-প্রচারণা যাতে মায়েদের সিদ্ধান্তকে প্রভাবিত না করতে পারে, সে বিষয়ে সব মহলে সচেতনতা বাড়াতে হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জুনিয়র ক্লিনিশিয়ান ডা. মো. ইকরামূল হক। এ ছাড়া খুলনার বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন