আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়াডাঙ্গার দুটি আসনে জামায়াতের রাসেল ও রুহুল জয়ী

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দুটি আসনে জামায়াতের রাসেল ও রুহুল জয়ী
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসনে ১১ দলের প্রার্থী জামায়াতের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও রুহুল আমিন বেশ বড় ব্যবধানে প্রতিদ্বন্দী প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দিনগত রাতে ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১১ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ১৯৩ ভোট। ৫৭ হাজার ৮৪৮ ভোটের বড় ব্যবধানে রাসেল, শরীফকে পরাজিত করেন।

আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম ১০ হাজার ১২২ ভোট পেয়েছেন। এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ এবং না ভোট পড়েছে ৮১ হাজার ২৫টি। এখানে মোট ভোট কাস্ট হয়েছে ৭৪ দশমিক ৫১ শতাংশ।

এছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ৮ হাজার ১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৭টি ভোট। রুহুল আমিন ৪৪ হাজার ১৩৪ ভোটে মাহমুদ হাসান খান বাবুকে পরাজিত করেছেন।

আর ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজিব পেয়েছেন ৬ হাজার ৩৭৪ ভোট। এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪টি, আর না ভোট পড়েছে ৮১ হাজার ২৫টি। ভোট কাস্ট হয়েছে ৭৮ দশমিক ২৭ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়নের দুজন প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা প্রত্যক্ষ করেন। তারা ভোট কার্যক্রম পরিদর্শনের বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন