যশোরে সোয়া এক কোটি টাকার পাঁচটি সোনার বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৭৩০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।
সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে বারগুলো জব্দ করা হয়। এগুলোর মোট ওজন ৮৩১ গ্রাম।
আটক ব্যক্তিরা হলেন, রাজবাড়ীর সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল এ অভিযান চালায়।
জব্দ সোনার বাজার মূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। এগুলো আটক দুইজনের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে নিয়ে আসছিলেন। এগুলো যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

