উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়

সাংবাদিকদের ফোন রিসিভ করবেন না, ঘোষণা কোটচাঁদপুর ওসির

সাংবাদিকদের ফোন রিসিভ করবেন না, ঘোষণা কোটচাঁদপুর ওসির
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। ছবি: আমার দেশ

সাংবাদিকদের ফোনকল রিসিভ না করার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। সম্প্রতি তার সঙ্গে এক সংবাদকর্মীর কথোপকথনের রেকর্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ওসি মেহেদী হাসানের এমন ঘোষণায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, সংবাদ সংগ্রহের প্রয়োজনে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিয়মিত যোগাযোগের প্রয়োজন হয়। ফলে কোনো কর্মকর্তার পক্ষ থেকে সাংবাদিকদের ফোনকল গ্রহণ না করার ঘোষণা অনাকাঙ্ক্ষিত।

ওসি মেহেদী হাসান বলেন, আপনারা আমার অনুমতি ছাড়া মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করে সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়েছেন। এটা তো ঠিক হয়নি। এ কারণেই আমি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, আমি আমার মতো করে ব্যবস্থা নেব। তবে আমার দাবি, আপনারা তার বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নেন।

এদিকে প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মৃদুল বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন ঘোষণা প্রত্যাশিত নয়। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে প্রায়ই থানার ওসির সহযোগিতা প্রয়োজন হয়। তিনি বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিকদের সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন।

কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশারও ওসির ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...