মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার চালিয়েছে। তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপির যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।
শুক্রবার দুপুরে মিরপুর মহিলা কলেজ চত্বরে আয়োজিত এক মতবিনিময় যোগ দেয়ার আগে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গেল পরশুদিন পতিত ফ্যাসিট সরকার ভারতে বসে প্রেস কনফারেন্সের চেষ্টা করেছেন। এর প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে। সে ধরনের প্রতিবাদের আগে কোনো সরকার জানাতে পারেনি। তিনি বলেন দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় যে সতর্কতা জারি করা হচ্ছে, তার পেছনে অন্য কোনো কারণ নেই। এটি কেবলমাত্র রুটিন ওয়ার্ক।

পরে মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।
মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা, বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

