মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রাম থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সিঙ্গাপুর প্রবাসী মিন্টু (৩৫)-এর বাড়ির সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট বস্তু উদ্ধার করা হয়। মিন্টু ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির প্রধান ফটকের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। পাশাপাশি একটি মোবাইল নম্বর উল্লেখ করে নগদ বা বিকাশে টাকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয় চিরকুটে।
গাংনী থানার ওসি উত্তম কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

