ভারতে পাচার হওয়ার ২৫ বছর পর দেশে ফিরলেন আনোয়ারা

ভারতে পাচার হওয়ার ২৫ বছর পর দেশে ফিরলেন আনোয়ারা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ হাতে আটক আনোয়ারা আরমান গাজীকে (৪৫) হেফাজতে নিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর সীমান্তের ৮৪/৬-এস সীমান্ত পিলার সংলগ্ন স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। হেফাজতে নেয়া আনোয়ারা গাজী খুলনা জেলার রূপসা থানার কিলো গ্রামের মৃত আরমান গাজীর মেয়ে।

আজ বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। এতে বলা হয়, গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে উদয়নগর সীমান্তের ৮৪/৪-এস সীমান্ত পিলারের কাছ দিয়ে আনোয়ারা আরমান গাজী ভারতীয় দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

এই খবরে বিজিবি আনোয়ারা গাজীর ছবি সংগ্রহ করে খুলনার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তার পরিবারের কাছে পাঠায়। ছবি দেখে পরিবার আনোয়ারাকে শনাক্ত করে। তারা জানান, আনোয়ারা ২৫ বছর আগে দালালের মাধ্যমে ভারতে পাচার হন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনরা মনে করেছিলেন আনোয়ারা মারা গেছেন।

বিজিবির বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত উদয়নগর সীমান্তের ৮৪/৬-এস সীমান্ত পিলার সংলগ্ন স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে বিজিবি গ্রহণ করে। পরে পাচারের শিকার হিসেবে আনোয়ারা গাজীকে আইনানুগ ব্যবস্থার জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন