আলমডাঙ্গায় ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

আলমডাঙ্গায় ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ
সার জব্দ। ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাচারকালে ৪৪০ বস্তা টিএসপি সারভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক ও হেলপারসহ ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার সকালে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সারভর্তি ট্রাকটি আটক করে হাঁপানিয়া ক্যাম্প পুলিশ। হাঁপানিয়া ক্যাম্প ইনচার্জ জুম্মান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালায় এবং বিপুল পরিমাণ সার উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে ঝিনাইদহের কালীগঞ্জের ট্রাকচালক শাকিল হোসেন, খুলনার হেলপার ইসরাফিল এবং পূর্বেও সার কালোবাজারির ঘটনায় আলোচিত ভাঙ্গবাড়িয়া গ্রামের মিনারুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্ত করে দেওয়া হয়।

উদ্ধার করা ৪৪০ বস্তা টিএসপি সার স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন