নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ধর্ষকের ঠাঁই না’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’; ‘মাগুরায় ধর্ষণে অভিযুক্ত নরপশুদের বিচার চাই’; ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক’; ‘আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’; 'We Are Not Living In A Dead Poet's Society' ইত্যাদি প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু মাগুরায় নয়, ৫ আগস্টের পর থেকে সারা দেশেই ধর্ষণের ঘটনা আশংকাজনক হারে বেড়েছে। ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের বিচার না হলে সমাজে এর পুনরাবৃত্তি চলতেই থাকবে। আমরা চাই, ধর্ষকদের দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
বিক্ষোভরত নারী শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের শিকার হওয়া নারীর পোশাককে দায়ী করা বন্ধ করতে হবে। তিন বছরের শিশুও আজ নির্যাতনের শিকার হচ্ছে, তাদের ও কি বোরকা পরতে হবে? আমাদের সমাজে এসব বিকৃত মস্তিষ্কের মানুষদের জন্য কোনো জায়গা নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

