অসচ্ছল ৩৬ মেধাবী শিক্ষার্থীর পাশে সরকার, পেল নানা শিক্ষা সহায়তা

খুলনা ব্যুরো

অসচ্ছল ৩৬ মেধাবী শিক্ষার্থীর পাশে সরকার, পেল নানা শিক্ষা সহায়তা
৩৬ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, বাইসাইকেল ও চেক বিতরণ। ছবি: আমার দেশ

অর্থের অভাবে যাতে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা থেমে না যায়, সে লক্ষে অসচ্ছল ৩৬ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে সরকার। সরকারের বিশেষ অনুদান তহবিল, খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্টের উদ্যোগে এসব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তার চেক ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যেই সরকারের বিশেষ অনুদান তহবিল থেকে সহায়তা প্রদান করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ভালোভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে আরও গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের সভাপতি, শিক্ষার্থী- অভিভাবক ও গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থীকে নগদ চেকসহ সাইকেল, ব্যাগ, ল্যাপটপ, সেলাই মেশিন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণসহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন