জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদ সভা

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদ সভা

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাট সদর উপজেলার মাজার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে রণবিজয়পুর ইয়ং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ (বুলু), সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শেখ মহিউদ্দিন ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুস্তাইন বিল্লাহ, সাবেক ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল এবং সদর উপজেলা কৃষকদলের সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন জুলাই যোদ্ধা শহীদ আলিম আহমেদের পিতা মো. বুলবুল কবির। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন রণবিজয়পুর ইয়ং স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান (সুমন)। যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের অর্থ সম্পাদক মাসুম ফকির এবং ক্লাবের সাধারণ সম্পাদক ফকির ফেরদৌস রহমান (শিপলু)।

বক্তারা বলেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে হলে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।

প্রতিবাদ সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন