মোংলা আবাসনে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলা আবাসনে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
উলুবুনিয়া সরকারি আবাসন। ইনসেটে জাহিদ শেখ। ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া সরকারি আবাসনে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মাদক সেবন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও নারীদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবাসনের বাসিন্দারা মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তি হলেন সোনাইলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ শেখ। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি আবাসনে প্রভাব বিস্তার করে আসছেন। তার কর্মকাণ্ডে আবাসনের বেশ কয়েকটি পরিবার আতঙ্কের মধ্যে বসবাস করছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, উলুবুনিয়া সরকারি আবাসন প্রকল্পে ২৫টি পরিবার বসবাস করে। অভিযোগে উল্লেখ করা হয়, আবাসনের বাসিন্দা হেনা বেগমের সঙ্গে একই এলাকার সালমা বেগমের পূর্ববিরোধের জেরে গত ৭ মে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

আবাসনের একাধিক নারী অভিযোগ করেন, জাহিদ শেখ নিয়মিত আবাসনে এসে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। প্রতিবাদ করলে আবাসন ছাড়ার হুমকি দেওয়া হয় বলেও তারা অভিযোগ করেন। এছাড়া তার ছেলের বিরুদ্ধেও নারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে বলে দাবি করেন স্থানীয় কয়েকজন নারী।

বাসিন্দাদের অভিযোগ, প্রভাব ও ভয়ভীতির কারণে ইতিমধ্যে কয়েকটি পরিবার আবাসন ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জাহিদ শেখ বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, ‘আবাসনের বাসিন্দাদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন