গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের কোকিলমণি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে সফল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে আটজন জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমণি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। দীর্ঘদিন ইঞ্জিন অকেজো থাকায় জেলেরা তীব্র বিপাকে পড়েন। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ভাসমান ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটের এক জেলে ফোনে বিষয়টি ট্রলারের মালিককে জানান। খবর পেয়ে বোটের মালিক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে জরুরি আইনি ও উদ্ধার সহায়তা চান।
সংবাদ পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল হয়ে ভেসে থাকা ফিশিং বোটটি শনাক্ত করে ভেতরে থাকা আট জেলেকে নিরাপদে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর কোস্ট গার্ডের পক্ষ থেকে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। উদ্ধারকৃত জেলেদের ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, যেকোনো জরুরি পরিস্থিতিতে সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের সুরক্ষা প্রদান ও উদ্ধারে কোস্ট গার্ডের এমন তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

