কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে।
সোমবার ভোরে উপজেলার সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই মিন্টু চৌধুরীর বাড়ির আঙিনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলা অভিযানে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুকের একটি বাট ও একটি পাইপ, ৪০টি গুলির খোসা, ছয়টি ফালা (বল্লভ), ছয়টি রামদা, একটি চাকু ও একটি বন্দুকের পাইপ পরিষ্কার করার ব্রাশ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া এসব অস্ত্র দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ডিউটি অফিসার এসআই পলাশ বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অবৈধ দেশীয় অস্ত্র ও
আগ্নেয়াস্ত্রের বিচ্ছিন্ন অংশ দৌলতপুর থানায় জব্দ আছে। পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

