খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক

খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক
গুলির চিহ্ন। ছবি: আমার দেশ

খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টায় উপজেলার তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলির একটি ঘরের জানালায়, আরেকটি দরজায় লাগে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টায় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাহাদুর মুন্সির বাড়ির সামনে আসে। তাদের মধ্যে তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি ঘরের জানালায়, অপরটি দরজায় আঘাত করে।

বিজ্ঞাপন

গুলির শব্দে বাহাদুর মুন্সির মা ও পাশের ঘরে থাকা তার ছোট ভাইয়ের স্ত্রী ‘কারা কারা’ বলে ডাক দিলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যদের দাবি, তারা গ্রামের নিচপাড়া দিয়ে পালিয়ে যায়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তরা পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে রাতের আঁধারে বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন