চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা-দর্শনা মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে যাত্রীবাহী বাস ও একটি ভ্যানে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল লুটপাট করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল মহাসড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা যানবাহনের যাত্রীদের কাছে থেকে মালামাল নিয়ে যায়।
চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি নৈশবাসের গতিরোধ করে ডাকাতি করে। অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাকাতদের অধিকাংশের মুখ গামছা ও কাপড়ে ঢাকা ছিল। অল্প সময়ের মধ্যেই তারা লুটপাট চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং মহাসড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

