মোংলায় ভটভটি উল্টে নিহত ২, আহত ৪

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় ভটভটি উল্টে নিহত ২, আহত ৪

মোংলায় ভটভটি উল্টে দুজন নিহত হয়েছেন। আহত ৪ জনের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত ও আহতদের পরিবার জানায়, খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় রাস্তার ওপরে থাকা পাথরের স্তূপে উঠে গেলে তাদের ভটভটি গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক দিদার মোল্লা (২৫)। হাসপাতালে নেয়ার পথে মারা যান রোকন উদ্দিন খোকন (৬০)। আর গুরুতর আহত ওয়াহেদ মল্লিককে (৪০) রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আইয়ুব সরদার (৪০), মিলন মল্লিক (৩৫) ও তাজমির শেখ (৩০)।

নিহত ভটভটি চালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। নিহত রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইলতলায়। আহত সবার বাড়িও সোনাইলতলা এলাকায়।

আহত আইয়ুব সরদার ও মিলন মল্লিক বলেন, তারা পেশায় পরবাসী (ধান কাটা শ্রমিক)। তারা খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটার পারিশ্রমিক হিসেবে তারা ৭১ বস্তা (৭০/৮০ মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে রেখে ভটভটিতে বাড়ি ফিরছিলেন তারা। পথে এ দুর্ঘটনা ঘটেছে।

মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, স্বজনদের আপত্তি না থাকায় লাশ দিয়ে দেয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...