যশোর জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে কেশবপুর উপজেলা বিএনপি।
রোববার বেলা ১১টায় এই দাবিতে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করা হয় দলের পক্ষ থেকে। এসময় সংসদীয় আসনটির বিপুল সংখ্যক সাধারণ ভোটারও উপস্থিত ছিলেন।
পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসারের কাছে প্রদান করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ।
ঘেরাও চলাকালে আয়োজিত সমাবেশে আবুল হোসেন আজাদ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি যখন একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মুখিয়ে আছে, তখন একটি চক্র নির্বাচনি প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্র করছে।
এই চক্র দেশকে আবার অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। সুকৃতিকুমার মণ্ডল নামে এক ব্যক্তি যশোরের কয়েকটি আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্রমূলক একটি আবেদন করেছেন। অবাক করার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দিয়ে যশোরের ছয়টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়া হয়েছে যা গ্রহণযোগ্য না।
সমাবেশে বলা হয়, এই চক্রান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে যশোরের মানুষের নির্বাচনী সংষ্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্ট করার যে কোনো প্রক্রিয়া তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।
কর্মসূচি থেকে যশোরের ছয়টি আসনের বর্তমান সীমানা অক্ষুণ্ন রেখে সরকারঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।
এরআগে গত কয়েকদিন ধরে যশোর-৩ (সদর) আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিএনপির নেতৃত্বে শহরে একের পর এক কর্মসূচি পালিত হচ্ছে। একই দাবিতে জামায়াতে ইসলামীরও আজ কর্মসূচি পালনের কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

