যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে বোন নিহত

যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে বোন নিহত

যশোর সদরের সুজলপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। নিহত শারমিন (৩৫) ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত ভাইয়ের নাম খোকন। তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শারমিন ও খোকনের পরিবার সুজলপুরে সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তারই ধারাবাহিকতায় খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল চড় মারেন।

বিজ্ঞাপন

এতে উত্তেজিত হয়ে খোকন হাসুয়া নিয়ে বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। শারমিন বাধা দিতে গিয়ে নিজেই হাসুয়ার কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত খোকনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন