যশোরের দুঃখখ্যাত অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চলে ফের জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, বীজতলার মাঠ ও মাছের ঘের প্লাবিত হওয়ায় নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন এলাকার বাসিন্দারা।
প্রতি বছর প্রায় ছয় মাস পানিবন্দি জীবন কাটানো ভবদহবাসী এবারও একই দুর্ভোগের মুখোমুখি হয়েছেন। বাড়িঘর তলিয়ে গেছে। এ বছর সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী ও খাল পুনঃখননের কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশা জেগেছিল এলাকাবাসীর মধ্যে। কিন্তু বর্ষার শুরুতেই অতিবৃষ্টির কারণে পানি দ্রুত বেড়ে যাওয়ায় সেই আশায় ভাটা পড়েছে। ইতোমধ্যে বহু বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিজমি, সড়ক ও মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে উপজেলার ২২০টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা ইকবাল জাহিদ বলেন, ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে শুধু নদী খনন নয়, টিআরএম বাস্তবায়নও জরুরি। খর্ণিয়া ব্রিজের দক্ষিণে অস্থায়ী বাঁধের কারণে পলি জমে প্রায় সাত কিলোমিটার নদীপথ ভরাট হওয়ায় চলতি বর্ষায় পানি নিষ্কাশন ব্যাহত হয়েছে। যদিও সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ দশমিক ৫ কিলোমিটার নদী ও খাল পুনঃখননের কাজ চলছে, তবুও বর্ষার শুরুতেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় প্রকল্পের সুফল নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
এ ব্যাপারে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি বলেন, ‘খর্ণিয়া এলাকায় ড্রেজিং কাজ বিলম্বিত হওয়ায় পানি নিষ্কাশনে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। বর্তমানে ৯টি স্লুইস গেট খোলা রয়েছে এবং পানির উচ্চতা ইতোমধ্যে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি কমেছে। ভারী বৃষ্টিপাত না হলে আগামী কয়েক দিনের মধ্যে বাড়িঘর, আঙিনা ও সড়ক থেকে পানি উল্লেখযোগ্যভাবে নেমে যাবে।’ তিনি আরো বলেন, ‘পর্যায়ক্রমে সব স্লুইস গেট চালু করা হচ্ছে। বর্তমানে ২৯টি গেট প্রস্তুত রয়েছে এবং আরো ১১টি গেট চালুর পরিকল্পনা রয়েছে। সব গেট চালু হলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

