বেনাপোলে হাফওয়ে শেল্টার হোম চালু

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

বেনাপোলে হাফওয়ে শেল্টার হোম চালু

ভারতে পাচারের শিকার হয়ে দেশে ফেরা নারী, পুরুষ ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং পুনর্বাসন নিশ্চিত করতে যশোরের বেনাপোলে একটি হাফওয়ে শেল্টার হোমের কার্যক্রম শুরু হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে মানব পাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অস্থায়ী নিরাপদ আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা এবং মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার বিকেলে বেনাপোলের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শেল্টার হোমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারের সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) পরিচালিত গ্লোবাল অ্যাকশন অ্যাগেইনস্ট ট্রাফিকিং ইন পারসন্স অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর।

অনুষ্ঠানে জানানো হয়, জেন্ডার-সংবেদনশীল ও প্রতিবন্ধীবান্ধব সুরক্ষা সেবা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের শারীরিক, মানসিক ও সামাজিক পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এ কেন্দ্রের মূল লক্ষ্য।

বেনাপোলের ভবেরবেড় এলাকায় স্থাপিত শেল্টার হোমটিতে একসঙ্গে ৩০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। প্রয়োজন অনুযায়ী ভুক্তভোগীরা সাধারণত দুই থেকে সাত দিন পর্যন্ত এখানে অবস্থান করতে পারবেন। এ সময় তারা নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, প্রাথমিক চিকিৎসা, আইনি সহায়তা এবং মনোসামাজিক কাউন্সেলিংসহ প্রয়োজনীয় সেবা পাবেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে তাদের নিরাপদ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর তাসনীম বিনতে করিম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ফজলে ওয়াহিদ, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন।

অনুষ্ঠানে রাইটস যশোরের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এস এম আজহারুল ইসলাম শেল্টার হোমের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, সীমান্ত দিয়ে উদ্ধার হওয়া মানব পাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের নিরাপদ আশ্রয়, মানসিক সহায়তা এবং সমাজে পুনঃএকীভূত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, মানব পাচার একটি আন্তঃদেশীয় অপরাধ। এ অপরাধ প্রতিরোধের পাশাপাশি ভুক্তভোগীদের মানবিক সহায়তা ও মর্যাদাপূর্ণ পুনর্বাসন নিশ্চিত করতে সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বেনাপোলে চালু হওয়া এই হাফওয়ে শেল্টার হোম সে প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...