খুলনায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন খুলনা এমএম সিটি কলেজ শাখা ছাত্রদলের সদ্যসাবেক আহ্বায়ক রাজু আহমেদ এবং বাগেরহাটের শরণখোলা ইউনিয়ন শাখার সাবেক সদস্য সচিব শামীম হোসেন।
গত মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজু আহমেদ ও শামীম হোসেনকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেন।
গত সোমবার রাতে খুলনা নগরীর শিপইয়ার্ড এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২৭০টি ইয়াবাসহ সিটি কলেজ ছাত্রদলের সদ্যসাবেক আহ্বায়ক রাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন মুন্না ও শরণখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেনকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

