খুলনায় বিডার বিভাগীয় ওয়ার্কশপ

সুষম উন্নয়নে শিল্প জরিপের ফল কাজে লাগানোর আহ্বান

সুষম উন্নয়নে শিল্প জরিপের ফল কাজে লাগানোর আহ্বান
খুলনায় বিডার বিভাগীয় ওয়ার্কশপ। ছবি: আমার দেশ

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিফাত মেহনাজ বলেছেন, দেশে জনসংখ্যার তুলনায় কৃষি জমির পরিমাণ কম। তাই জমির সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশে প্রচুর ফল উৎপাদন হলেও রফতানিযোগ্য ফলের ৩০ শতাংশ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। নতুন হিমাগার তৈরির মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। বিভাগীয় সদরের পাশাপাশি সকল জেলার সুষম উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, শিল্প জরিপের ফলাফল সরকারকে সঠিক নীতি প্রণয়নে সহায়তা করবে।

বৃহস্পতিবার খুলনায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর সহযোগিতায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)র আয়োজনে শিল্প জরিপ নিয়ে একটি বিভাগীয় ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিজ্ঞাপন

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বিডার মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। সম্মানিত অতিথি ছিলেন আছিয়া সী ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল ইসলাম জহির। এডিবি বাংলাদেশের পাবলিক সেক্টর ইকোনমিস্ট তাসনিম আলম অনলাইনে যুক্ত হন। সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান ওয়ার্কশপ উদ্বোধন করেন।

সভাপতির বক্তব্যে গাজী এ কে এম ফজলুল হক বলেন, সরকার প্রায়ই খণ্ডিত তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন করে। এই জরিপের মাধ্যমে সরকার একটি পরিষ্কার চিত্র পাবে। যা সরকারকে নীতি তৈরিতে এবং বিনিয়োগকারীর প্রকৃত সংখ্যা সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে।

কারিগরি অধিবেশনে ড. সেলিম রায়হান ও সানেমের প্রোগ্রাম ডিরেক্টর জুবায়ের হোসেন “সার্ভে অব ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ: স্কোপ, মেথডস, অ্যান্ড স্টেকহোল্ডার কো-অপারেশন” শীর্ষক উপস্থাপনা দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন