১০ অক্টোবর বিশ্বনন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম প্রয়াণ দিবস। এই শিল্পীকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল নড়াইলবাসী। নড়াইলের কৃতী সন্তানের প্রয়াণ দিবস পালনে প্রশাসন, শিল্পীর ভক্ত-অনুরাগী, এলাকাবাসীÑসবাই ছিলেন উদ্দীপ্ত।
এ উপলক্ষে সকাল থেকে শহরের মাছিমদিয়া এলাকায় ছায়াঘেরা সুলতান কমপ্লেক্সে অনাগোনা বাড়ে নানা শ্রেণি-পেশার মানুষের। দিনটি পালনে বরাবরের মতো এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নেয়। এদিন ভোরে কোরআনখানির মধ্য দিয়ে কর্মসূচির শুভসূচনা করা হয়।
বেলা সাড়ে ৯টার দিকে ছিল শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর্ব। জেলা প্রশাসন, রাজনৈতিক দল, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক, সাংকৃতিক সংগঠন কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করে। এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শিল্পীর সমাধিসৌধ। শ্রদ্ধা অর্পণ শেষে উপস্থিত সবাই শিল্পী সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়ায় অংশ নেন। সব শেষে শিল্পীর কর্মময় জীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্ম নেওয়া শিল্পী এস এম সুলতান একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, চারুশিল্পী সংসদ সম্মাননাসহ নানা সম্মাননা অর্জন করে দেশ-বিদেশে ব্যাপক সমাদৃত হন। কালজয়ী এই শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর ইহলোক ত্যাগ করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

