ঈদের ছুটিতেও সতর্ক সুন্দরবনের বনরক্ষীরা

উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

ঈদের ছুটিতেও সতর্ক সুন্দরবনের বনরক্ষীরা

পবিত্র ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহার সময়েও সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বন ও বন্যপ্রাণী সুরক্ষার স্বার্থে এবার ঈদুল আজহার ছুটি গ্রহণ না করে দায়িত্ব পালন করবেন পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও বন কর্মকর্তারা। তারা কর্মস্থল ত্যাগ না করে সুন্দরবনের জীববৈচিত্র্যের সুরক্ষা দিচ্ছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ঈদের সময় অসাধু চক্র সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী শিকারের অপচেষ্টা চালায়। তাদের রুখতে বনরক্ষী ও কর্মকর্তারা এবারও ঈদের ছুটি গ্রহণ করেননি। বনরক্ষীরা বিভিন্ন দলে ভাগ হয়ে সুন্দরবনের গহিনে হেঁটে টহল দিচ্ছেন। এছাড়া ড্রোন উড়িয়ে সুন্দরবনের বিভিন্ন স্থানে নজরদারি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ঈদের ছুটিতে বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় ঈদের ছুটি থাকলেও এবারও সুন্দরবন সুরক্ষায় কর্মকর্তা ও বনরক্ষীরা কেউই কর্মস্থল ছাড়বেন না। কেউ যাতে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সুন্দরবনের সব রেঞ্জ স্টেশন ও টহল ফাঁড়ির বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন