মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকার (জি), পিএসসি, বিএন-এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের পর বন্দরের সদস্য, বিভাগীয় প্রধান, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সিবিএ প্রতিনিধিদের নিয়ে বন্দরের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প, অসমাপ্ত কাজ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে অবহিত করা হয়। পরে তিনি সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নতুন চেয়ারম্যান বলেন, প্রশাসনিক কার্যক্রমের জটিলতা কমানো গেলে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। তিনি আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বন্দরের সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে দ্রুত মতবিনিময় সভা আয়োজনের কথাও উল্লেখ করেন।

এর আগে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানকারী এ কর্মকর্তা ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিস্টিংশনসহ স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ, নৌঘাঁটি এবং প্রশাসনিক প্রতিষ্ঠানে কমান্ড, প্রশিক্ষক ও স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...