কুষ্টিয়া শহরে বাসার সামনে দিনে দুপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর ইমন হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দিলেও পুলিশের সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অন্যদিকে, এই বর্বরোচিত ঘটনার পরপরই শহরজুড়ে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে রো ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইমন হোসেন পাটিকাবাড়ী এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন হোসেন সবার ছোট।
এর আগে গতকাল সোমবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী শহরের একটি স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল। এ সময় পেছন থেকে আকস্মিকভাবে এসে এক কিশোর (ইমন) তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ওই শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত হামলাকারীকে শনাক্ত করে দ্রুত অভিযানে নামে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত কিশোর কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা এবং সে একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ও বড় ভাই বিদেশে থাকায় সে মায়ের সঙ্গেই ওই বাড়িতে বসবাস করত।
হামলার ঘটনার পরপরই নিজের বাড়ির মূল ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যায় সে। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পায়নি। তবে পলাতক থাকা অবস্থায় পুলিশের নিরবচ্ছিন্ন নজরদারি ও সাঁড়াশি অভিযানের মুখে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর ছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে আরও একটু সুস্থ হয়ে উঠলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।
এদিকে প্রকাশ্যে স্কুলছাত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাতের ঘটনায় পুরো শহরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ। সোমবার রাতে কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ শহরের বিভিন্ন আড্ডাস্থলে বিশেষ অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে মোট ১৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

