সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড
ছবি: আমার দেশ

বাগেরহাটের সুন্দরবনের শুয়োর মারা খাল এলাকায় বনদস্যুদের হাতে অন্তত ১০ জেলে অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দস্যু শরীফ বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে এ অপহরণ করে। অপহৃতদের মধ্যে মোংলার সুন্দরবন ইউনিয়ন ও মোরেলগঞ্জ এলাকার জেলেরা রয়েছেন।

অপহৃতদের মধ্যে রয়েছেন—মানিক শেখ, আবু বকর গাজী, জাকির ফরাজী, নুরজামাল শিকদার ও ওয়াহিদ মুন্সি। এছাড়া মোরেলগঞ্জ এলাকার আরও পাঁচ জেলে দস্যুদের কবলে রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন বলেন, “শুয়োর মারা খাল এলাকা থেকে বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা অন্তত ১০-১১ জন জেলেকে অপহরণ করেছে। তারা মুক্তিপণের জন্য জেলেদের জিম্মি করে রেখেছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে তাদের নিরাপদ উদ্ধারের দাবি জানাচ্ছি।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সবুর নামে এক জেলে মুক্তিপণের আংশিক অর্থ দিয়ে ফিরে এসে জানান, “দস্যুরা আমাদের জিম্মি করে রাখে এবং মুক্তিপণের জন্য চাপ দেয়। টাকা না দিলে নির্যাতনের ভয় দেখানো হয়।” তিনি আরও বলেন, “আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম, এখনও বাকিরা তাদের কবলে রয়েছে।”

অপহৃত জেলেদের স্বজনরা জানান, “আমাদের পরিবারের উপার্জনকারী সদস্যরা এখন দস্যুদের হাতে জিম্মি। আমরা দ্রুত তাদের উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।”

এদিকে, কোস্টগার্ড পশ্চিম জোন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব আলম বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টির সত্যতা যাচাই করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ শুরু করেছি।’

অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড নজরদারি জোরদার করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে মোংলা থানার সেকেন্ড অফিসার মিরাজ জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন