চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর এবং মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন ও বাসচালকদের উদ্যোগে সোমবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, গত রোববার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যানচালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের বাগ্বিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ইজিবাইক ও পাখিভ্যানের চালকেরা একত্রিত হয়ে বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ইজিবাইকচালকেরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে টানা প্রায় পাঁচ ঘণ্টা বাস চলাচল অবরুদ্ধ করে রাখেন।

ইজিবাইকচালকদের এহেন স্বেচ্ছাচারিতা ও হামলার ঘটনায় বাসশ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লা ও লোকাল রুটে বাস চলাচল বন্ধের ডাক দেয়।

সকাল থেকে চুয়াডাঙ্গার পাঁচটি প্রধান রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে দূরদূরান্তের গন্তব্যে পৌঁছাতে চাওয়া যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিকল্প হিসেবে ইজিবাইক বা সিএনজিতে বাড়তি ভাড়া ও সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে।

সড়কে যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা যাত্রী শফিকুর রহমান বলেন, বাস না চলার কারণে ব্যাটারিচালিত ইজিবাইকে করে যেতে হচ্ছে। এতে সময় ও টাকা দুটোই বেশি লাগছে। হঠাৎ এভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা এই ধর্মঘট ডেকেছে। মহাসড়কে ইজিবাইকের এই অবৈধ স্বেচ্ছাচারিতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন