জামালপুরে আ.লীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে আ.লীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে
ছবি: আমার দেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহাসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগের ১০ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

কারাগারে পাঠানো আওয়ামী লীগের নেতাকর্মীরা হলেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা (৬৫), উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৫৫), সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মেজবা উদ্দিন (৬৫), সিধুলী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনার (৫৮), শ্রমিক লীগের সহ-সভাপতি সুলতান (৪৫), সিধুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফজল (৪৫), আওয়ামী লীগের নেতাকর্মী আওয়াল মোল্লা (৪৫), সাইফুল ইসলাম সাইরুদ্দিন (৪৮), আব্দুর রাজ্জাক (৫৮) ও লাভলু (৪৫)।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতার সময় মাদারগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটি করেন। ওই মামলাগুলোতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলার নথি অনুযায়ী, দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার অভিযুক্ত ১০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন প্রার্থনা করেন। তবে রাষ্ট্রপক্ষের শুনানি ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে। পরবর্তী শুনানির তারিখে মামলার অগ্রগতির বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।

জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মাহবুবুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলা দুটি বর্তমানে বিচারাধীন এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন