ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার উত্তর দাপুনিয়া এলাকায় সড়কের পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত টুটুল আহমেদ গাজীপুর জেলার ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। তবে বর্তমানে তিনি ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
নিহতের শ্বশুরবাড়ির স্বজনরা জানান, বুধবার রাতে ইফতারের পর বাজারে যাওয়ার কথা বলে টুটুল তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ফিরে আসেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টুটুলকে হত্যা করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

