বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে স্থানীয় জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালাসী নৌপথ ঐতিহাসিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ রুট। ব্রিটিশ আমল থেকে এই নৌপথ উত্তরাঞ্চল এবং দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে এ রুটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত সেতু নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের কোটি মানুষের যাতায়াত ব্যবস্থা সহজতর হবে। একই সঙ্গে পণ্য পরিবহন ব্যয় কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কৃষি ও শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তাদের দাবি, দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও গতিশীল করতে এবং দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এই রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এখন সময়ের দাবি। সেতুটি নির্মিত হলে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি দ্রুত এ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেন তারা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। স্থানীয়রা আশা প্রকাশ করেন, জনস্বার্থ বিবেচনায় বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...