দেশের কুকিং রিয়্যালিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজন শুরু হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত এ আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতা আগের মতোই প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সেরা রাঁধুনী সিজন ৯-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।
এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন ইনডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লো মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয়শিল্পী জয়া আহসান।
অনুষ্ঠানের শুরুতে সেরা রাঁধুনীর দুই দশকের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য দেন মো. পারভেজ সাইফুল ইসলাম। ২০ বছর আগে রান্নার মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে মানুষের জীবন বদলের যে স্বপ্ন নিয়ে এ আয়োজন শুরু হয়েছিল, নবম সিজনে তা আরও বড় পরিসরে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এরপর মাছরাঙা টেলিভিশন ও মিডিয়াকম লিমিটেডের পক্ষ থেকে দুই দশকের অর্জন এবং সম্প্রচারের প্রস্তুতি তুলে ধরেন অজয় কুমার কুন্ডু। ইমতিয়াজ ফিরোজ তাঁর বক্তব্যে সেরা রাঁধুনীর মাধ্যমে গত দুই দশকে নতুন উদ্যোক্তা ও শেফদের জীবন বদলে যাওয়ার কথা বলেন। পাশাপাশি নবম সিজন নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে সেরা রাঁধুনীর নতুন লোগো ও প্রচারমূলক কনটেন্ট উন্মোচন করা হয়। পরে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সিজনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬। ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে রেসিপি ও প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে আবেদন করা যাবে।
দেশজুড়ে বিভাগীয় অডিশনের পর ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের প্রতিযোগীদের নির্বাচন করা হবে। স্টুডিও রাউন্ডে খাবারের স্বাদের পাশাপাশি পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিবেচনা করা হবে। বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা।
‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াকম লিমিটেড। অনুষ্ঠানটি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।
অংশগ্রহণের নিয়মাবলি
প্রতিযোগীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং ১৫ নভেম্বর ২০২৬ তারিখে তাঁর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
আবেদন করতে নিজের তৈরি রেসিপি, খাবারের ছবি, নিজের ছবি এবং নাম, বয়স, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্ট নম্বর দিতে হবে।
ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনের জন্য ভিজিট করুন: www.sheraradhuni.com
এসএমএসের মাধ্যমে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে SR9 <স্পেস> নাম <স্পেস> বয়স <স্পেস> বিভাগ <স্পেস> রেসিপির নাম লিখে ৮৮০৯৬১২৬১৫৫৫৫ নম্বরে পাঠাতে হবে।
‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর স্টুডিও রাউন্ডে অংশ নেওয়া প্রতিযোগীরা নবম সিজনে নিবন্ধন করতে পারবেন না।
নিবন্ধনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬।
প্রতিযোগিতার নিয়মাবলি
বিচারকদের রায়ে রেসিপি নির্বাচিত হলে প্রতিযোগীকে বিভাগীয় অডিশনে অংশ নেওয়ার জন্য ডাকা হবে।
অডিশনের জন্য নির্বাচিত রেসিপির খাবার প্রতিযোগীকে নিজে তৈরি করে অডিশনের দিন নিয়ে আসতে হবে।
তৈরি করা খাবার ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।
বিস্তারিত তথ্যের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ০৮০০০১১১৩৩৩ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ফেসবুক পেজে ভিজিট করুন: www.facebook.com/SheraRadhuni
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

