ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, জামালপুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে ইরাকের কুর্দিস্তান এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বজলুর রশীদ(৩৮) ও মনোহার আলী (৩৬)। তাদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা এলাকায়। বজলুর রশীদ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ কোয়ালীকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন মাস্টারের ছোট ছেলে। অন্যদিকে মনোহার আলী কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি এলাকার মৃত খলিলুর রহমানের বড় ছেলে।

বিজ্ঞাপন

নিহতদের মঙ্গলবার বিকেলে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে জানাজায় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

নিহতদের স্বজনরা জানান, গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোরে ইরাকের কুর্দিস্তান এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখান থেকে দেশে পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে মনোহার প্রায় চার বছর আগে এবং বজলুর রশীদ দেড় বছর আগে ইরাকে যান। সেখানে তারা একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন।

নিহতদের বাড়িতে এখন শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। দুই পরিবারই তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন