জামালপুরের মেলান্দহ উপজেলা-এর চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাতে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। হৃদয়বিদারক এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।
নিহত শিশুরা হলো রায়ের বাকাই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মো. সিফাত (১০) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আশরাফি হোসেন আন্নাস (৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফুটবল খেলা শেষে দুই শিশু গোসল করার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি পুকুরে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখতে পান। পরে তাদের উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। প্রতিবেশী ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের আবহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

