ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে আগামী ঈদের আগে ময়মনসিংহে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।
রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু পড়াশোনায় ভালো ফল করলেই হবে না, খেলাধুলাসহ সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ময়মনসিংহবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ অঞ্চলে একটি বিমানবন্দর হওয়া প্রয়োজন। সে লক্ষ্যেই ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে এটি বড় ধরনের প্রকল্প হওয়ায় বাস্তবায়নে সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
আগামী ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর
ময়মনসিংহ নগরীতে শিশুদের বিনোদনের জন্য একটি শিশুপার্ক নির্মাণের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, আগামী ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আগামী বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সময় পার্কটি পুরোপুরি প্রস্তুত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিরিশিরিকে জাতীয় পর্যটনকেন্দ্র করার উদ্যোগ
পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন এলাকা। এ স্থানকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের আগমনও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
সড়ক উন্নয়ন, কর্মসংস্থান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা
মন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হবে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী পর্যায়ক্রমে উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।
দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পূজামণ্ডপে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মেধার ভিত্তিতে ফল প্রকাশের আশ্বাস
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেন বাবলু ও প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের প্রশাসক জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

