ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মো. জহিরুল ইসলাম (৩৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
শুক্রবার রাতে গফরগাঁও দোগাছিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জহিরুল ইসলাম গফরগাঁও উপজেলার শাঁখচূড়া গ্রামের মৃত মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় হালিমাবাদ গলাকাটা বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোগাছিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে জহিরুল ইসলামসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জহিরুলের মৃত্যু হয়।
গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

