ঝালকাঠির নলছিটিতে চাঁদা না দেওয়ায় বাস কাউন্টারে হামলা করে চালক ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার শিমুলতলা এলাকায় অবস্থিত ‘মা-বাবার দোয়া’ বাস কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে।
আহত চালকের নাম সোহেল মাঝি (৪০)। তিনি নলছিটির উত্তর জুরকাঠী এলাকার সোহরাব মাঝির ছেলে। এ ঘটনায় তার ছেলে সিফাত মাঝিও (১৮) আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেজা হাওলাদার (২০), ফারুক রাব্বী হাওলাদার (১৯), তপু এবং জয়সহ প্রায় ১৬-১৭ জন যুবক শিমুলতলাস্থ ‘মা-বাবার দোয়া’ বাস কাউন্টারে আসে। চালক সোহেল মাঝির কাছে চাঁদা দাবি করে।
সোহেল মাঝি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও চাকু নিয়ে সোহেল মাঝির ওপর হামলা করে। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে সিফাত মাঝির ওপরও হামলা চালানো হয় এবং তিনিও আহত হন।
হামলার পর তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। তাদেরকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সোহেল মাঝির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় ব্যবসায়ীরা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

