নাটোরে শাকিল হত্যা, আটক আরো দুজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

নাটোরে শাকিল হত্যা, আটক আরো দুজনকে 
ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় আরো দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন—ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আল আমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে আনিসুর রহমান (২৫)।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা পরে জানানো হবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চাননি তিনি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেন, হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও কচুগাড়ী এলাকা থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এর আগে একই মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে তার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন