সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রাখতে প্রস্তুত: বাবর

সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রাখতে প্রস্তুত: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, মিথ্যা মামলায় আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দীর্ঘ বছর কারাগারে রেখেছিল হাসিনার সরকার। পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর সব মামলা থেকে খালাস পেয়েছি। তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত রয়েছি। একই সঙ্গে যেকোনো ত্যাগ স্বীকারেও রাজি আছি।

রোববার নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নিজ জেলায় পা রাখায় জেলা বিএনপির উদ্যোগে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাবর বলেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি জুগিয়েছে। কারাগারে অত্যাচার নির্যাতন চালিয়ে আমাকে দমিয়ে দিতে চেয়েছিল খুনি হাসিনার সরকার। কিন্তু আমি আপস করিনি। তাদের কাছে মাথা নত করিনি। সর্বদা সত্যের পথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ্।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় আমাকে মৃত্যুদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। তবে দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন