জামালপুরের মেলান্দহে নকল ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেলান্দহ পৌরসভার শাহজাতপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মেলান্দহ উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা। অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
জানা যায়, শশী অয়েল মিল নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লগো ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন করছিল। এছাড়া ভেজাল সরিষার তেল উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন বা কাগজপত্র ছিল না। তারা অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল। পরীক্ষায় তেলেও ভেজালের প্রমাণ পাওয়া গেছে। কারখানায় থাকা সব ভেজাল তেল ফেলে দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, এর আগেও প্রতিষ্ঠানটি থেকে তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষাগারের প্রতিবেদনে ওই তেলের কোনো স্বীকৃত ভোজ্য তেলের পরিচয় পাওয়া যায়নি। তারা সামান্য সরিষার তেলের সঙ্গে অন্যান্য উপাদান মিশিয়ে ভেজাল তেল বাজারজাত করছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

