সিরাজগঞ্জের কাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরে পেতে স্কুল ছাত্রকে অপহরণের এক দিন পর শিপন মিয়া (১০) নামে ওই ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী মোতালেব প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে বলেন, অপহরণকারী মোতালেবকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোতালেব প্রামাণিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবিপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, অপহরণকারী মোতালেব স্কুল ছাত্রের সম্পর্কে ফুপা হয়। সম্প্রতি মোতালেবের সঙ্গে তার স্ত্রীর তালাক হয়। স্ত্রীকে ফিরে পেতে সে স্কুল ছাত্র শিপন মিয়াকে অপহরণের পরিকল্পনা করে।
রোববার সকালে স্কুলে যাবার পথে শিপন মিয়াকে অপহরণ করেন তিনি।
এঘটনায় ওই ছাত্রের মা বিউটি খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সোমবার রাতে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিপন মিয়াক উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
শিপন মিয়া উপজেলার ভানুডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ও ভানুডাংগা গ্রামের মো: সবুজ মিয়ার ছেলে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

