ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাপের কামড়ে শিফা আক্তার (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিফা ওই গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি কওমী মাদ্রাসার শিক্ষার্থী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ঘরে ফ্রিজের ওপর থেকে খেজুর আনতে গেলে শিফাকে একটি সাপ কামড় দেয়। প্রথমে তিনি বিষয়টি বুঝতে না পেরে মাকে জানান এবং মনে করেছিলেন তাকে ব্যাঙ কামড় দিয়েছে। তবে কিছু সময় পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ দিয়ে লালা বের হতে থাকে।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিফাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আ. বারেক জানান, মৃত্যুর আগে শিফা নিজেই জানিয়েছিল যে ফ্রিজের ওপর থেকে খেজুর আনতে গিয়ে তাকে সাপে কামড় দিয়েছে। পরে ফ্রিজ সরিয়ে মাটির গর্তে একটি বিষধর সাপ লুকিয়ে থাকতে দেখা যায়। পরে গর্ত খুঁড়ে সাপটি মেরে ফেলা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

