জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এর আগে ওই দিন বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের বাকাই এলাকার আব্দুর রফিকের ছেলে আল-নাফি (৮) এবং একই এলাকার মন্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)। নিহত দুই শিশু পার্শ্ববর্তী ঝাউগড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী এবং সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফুটবল খেলা শেষে নাফি ও রিফাত পুকুরে গোসল করতে নামে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

