ভালুকায় নির্মাণাধীন ভবনের ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ভালুকায় নির্মাণাধীন ভবনের ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন ইটিপি রিজার্ভ সেফটি ট্যাংকিতে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার পাড়াগাঁও এলাকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে রুমেল মিয়া (২৫) এবং খুলনার কয়রা উপজেলার নকসা গ্রামের ফারুক গাজীর ছেলে শফিকুল ইসলাম (২৮)। তারা ওই নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে শ্রমিক হিসেবে কাজ করতেন।

কারখানার শ্রমিকরা জানান, ঘটনার সময় রিজার্ভ সেফটি ট্যাংকিতে কাজ করতে নামেন শফিকুল ইসলাম। কিছুক্ষণ পর তার কোনো সাড়া-শব্দ না পেয়ে রুমেল মিয়া তাকে দেখতে ট্যাংকির ভেতরে নামেন। পরে অক্সিজেনের সংকটে দুজনই অসুস্থ হয়ে পড়েন।

পরে বিষয়টি জানতে পেরে সহকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালান। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধারে কোনো সহযোগিতা করেনি। একপর্যায়ে অন্য দুই শ্রমিক কোমরে রশি বেঁধে ট্যাংকির ভেতরে নেমে তাদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রমিকদের দাবি, দ্রুত উদ্ধার করা সম্ভব হলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো যেত।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, শ্রমিকরা নিজেরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ হাসপাতাল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন