গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল

গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার সকাল ৯টার দিকে শিবগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেল ও সড়ক—উভয় পথে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগে বিকট শব্দে কেঁপে ওঠে। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। আকস্মিক এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার ফলে শুধু ঢাকা-ময়মনসিংহ রেলপথেই ট্রেন চলাচল বন্ধ হয়নি, গফরগাঁও-শিবগঞ্জ রেলক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় ভালুকা-গফরগাঁও সড়কেও সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই রুটের যাত্রী, পরিবহন চালক ও সাধারণ মানুষকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়। পরে রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হলে বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রায় আট ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ রুটের আন্তঃনগর ও কমিউটার ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। অনেক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বিলম্বে চলাচল করে। এ সময় যাত্রীদের প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়কপথ ব্যবহার করার পরামর্শ দেয় রেল কর্তৃপক্ষ।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রেলওয়ের একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন