দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, জামালপুর

দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত
ছবি: আমার দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কুরবানির হাটে গরু বিক্রি করতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে শফিকুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মন্নেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শফিকুল ইসলাম (৪৫) বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গরু ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শফিকুল ইসলাম চর বাহাদুরাবাদ এলাকা থেকে কয়েকটি গরু ভটভটিতে বোঝাই করে দেওয়ানগঞ্জ হাটে বিক্রির জন্য রওনা দেন। পথে মন্নেবাজার এলাকায় পৌঁছালে ইঞ্জিনচালিত ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এ সময় শফিকুল ইসলাম বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে ভটভটিতে থাকা গরুগুলো অক্ষত রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন